২০২২ সালে লুটপাট হয়েছিল, এবার নামমাত্র মূল্যে বিশ্বকাপ দেখানো গেছে: তথ্যমন্ত্রী

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনে দেশে নামমাত্র মূল্যে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখানো গেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। এ সময় জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, ২০২২ সালে দেশে বিশ্বকাপ ফুটবল খেলার সম্প্রচারে বিপুল টাকা দুর্নীতি ও লুটপাট হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপের মিডিয়া রাইটস ফিফার কাছ থেকে সরাসরি ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে। পরবর্তী সময় সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে বেশির ভাগ টাকা উত্তোলন করা হয়েছে। হয়তো চার থেকে পাঁচ কোটি টাকা ঘাটতি থাকতে পারে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখানোর সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার। ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হয়েছে। এতে মোট খরচ হয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আগেরবারের চেয়ে এবার খরচ কমেছে ২৫ কোটি টাকা।

আগেরবারের অর্থাৎ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের প্রচারস্বত্ব কিনতে বিটিভি অনেক জটিল প্রক্রিয়া অনুসরণ করেছিল। সেবার এ স্বত্ব কেনা হয়েছিল ৯৮ কোটি টাকায়। বিটিভির কাছে তা বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ