ফিফা বিশ্বকাপে নরওয়ের ঐতিহাসিক অভিযানে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবল মাঠের বাইরেও। এবার দেশটির সেনাবাহিনীও যোগ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘ভাইকিং রো’ উদযাপনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নরওয়ের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পূর্ণ সামরিক পোশাকে একসঙ্গে ‘ভাইকিং রো’ উদযাপন করতে দেখা যায়। তারা ভাইকিংদের ঐতিহ্যবাহী লংশিপ চালানোর ভঙ্গি অনুকরণ করে নরওয়ের সামুদ্রিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপন করেন।
জয়ের পর দলের তারকা স্ট্রাইকার এবং গোল্ডেন বুটের দৌড়ে থাকা এরলিং হালান্ডের নেতৃত্বে ‘ভাইকিং রো’ উদযাপনের ভিডিওও প্রকাশ করা হয়। এর আগে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে শেষ ৩২-এ ওঠার পর নিউ জার্সি স্টেডিয়ামেও খেলোয়াড় ও সমর্থকেরা ঐতিহ্যবাহী ভাইকিং স্লোগান ও ‘ভাইকিং রো’ উদযাপন করেন।