ঢাবির সাংবাদিকতা-থিয়েটারসহ আট বিভাগকে তিনটিতে একীভূত করার আলোচনা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের অধীন আটটি বিভাগকে তিনটি বিভাগে একীভূত করার প্রস্তাব নিয়ে ডিনস কমিটির এক সভায় আলোচনা হয়েছে।

এসব বিভাগের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ তিনটি বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন। আর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজসহ পাঁচটি বিভাগ কলা অনুষদের অধীন।

গত ২২ জুন অনুষ্ঠিত ডিনস কমিটির সভার কার্যবিবরণী অনুযায়ী, বিভাগগুলো একীভূত করার বিষয়টি বিবেচনার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিনরা বিভাগগুলোর চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব পেশ করবেন। সভার কার্যবিবরণীর ‘বিবিধ’ অংশে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যবিবরণীর ‘বিবিধ-২’ অংশে গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি, মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগকে একীভূত করে একটি বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছে।

বিবিধ-৩’ অংশে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, সংগীত ও নৃত্যকলা বিভাগকে একীভূত করা এবং সংস্কৃত ও পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগকে একীভূত করার প্রস্তাব আসে।কার্যবিবরণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আবদুস সালামের সই রয়েছে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার  বলেন, ‘এ ধরনের কিছু করা আসলে কঠিন। বিভাগগুলো যখন আলাদা করা হয়েছিল, তখন সেটির প্রয়োজন ছিল বলেই করা হয়েছিল।’

‘আমার মনে হয় না, বিভাগগুলোকে আবার একটি বিভাগের অধীনে নিয়ে আসা সম্ভব হবে’, বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ