নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নিজ বিভাগ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর ২টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
জনসভায় অংশ নেওয়ার আগে তারেক রহমান নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এ সময় তিনি এই তিন জেলার মোট ১৩ জন এমপি প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।
এরপর সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।