শেরপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, তিন বছর বন্দি থাকার পর ২০২১ সালের ১৬ জানুয়ারি সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কান্তি মারাক (৪৫) অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
কান্তি মারাক শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ মার্চ শেরপুরের নালিতাবাড়ী এলাকায় এক শিশু নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী কান্তি মারাকের ঘরের মেঝেতে রক্তের দাগ থাকা হাফ প্যান্ট ও জামা পাওয়া যায়। পরে তার বসতবাড়ির পাশে পানি সেচের ড্রেন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।