রূপালি পর্দা থেকে ওটিটি —গত দুই দশকে অভিনয়ের প্রতিটি মাধ্যমেই নিজের জাত চিনিয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করেছেন কোটি দর্শকের মন। তবে নিজের অভিনয় জীবনের মূল শিকড় যে নাট্যমঞ্চে, তা বরাবরই অকপটে স্বীকার করেন এই তারকা। এবার সেই আপন ভুবনেই দীর্ঘ ২৫ বছরের বিরতি ভেঙে রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।
ছবিতে দেখা যায়, ‘নকাব’ নাটকের পুরো কলাকুশলী দলের সঙ্গে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তবে এই সফরে শুধু কাজের টিমই নয়, অভিনেতার সঙ্গী হয়েছেন তার প্রিয় কন্যা শোরা সিদ্দিকীও। আনন্দের এই মুহূর্তটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে ছবির ক্যাপশনে নওয়াজউদ্দিন লেখেন, ‘শিকাগো যাচ্ছি নকাবের টিমের সঙ্গে।’
সিনেমা ও ওটিটির অতি ব্যস্ত শিডিউলের মাঝেও থিয়েটারের প্রতি তার ভালোবাসা ও টান যে এতটুকু কমেনি, এই প্রত্যাবর্তন তারই চাক্ষুষ প্রমাণ। লাইভ অডিয়েন্স বা দর্শকের সামনে সরাসরি অভিনয়ের এই চেনা চ্যালেঞ্জ নিতে নওয়াজউদ্দিন এখন পুরোপুরি প্রস্তুত। অনুরাগীদের একাংশ মনে করছেন, তার এই পদক্ষেপ দীর্ঘ অভিনয় জীবনে আরও একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।