সংশোধনাগারের বন্দিরা অনেক ভাল’, অতীতের অভিজ্ঞতা নিয়ে বললেন রিয়া?

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কারাবাসে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা, এমন প্রশ্নের জবাবে রিয়া জানান, তাঁরা গান করেন, নাচেন। সেখানে থাকাকালীন যাঁদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তাঁদের নিয়েও কথা বলেছেন রিয়া।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এনসিবি-র অভিযোগ ছিল, প্রয়াত অভিনেতাকে গাঁজা সরবরাহ করেছিলেন রিয়া। তা ছাড়াও সুশান্তের মৃত্যুকে ঘিরে নানা অভিযোগ ছিল তাঁর দিকে। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এ বার কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

কারাবাসে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা, এমন প্রশ্নের জবাবে রিয়া জানান, তাঁরা গান করেন, নাচেন। সেখানে থাকাকালীন যাঁদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তাঁদের নিয়েও কথা বলেছেন রিয়া। তাঁর দাবি, সংশোধনাগারের মানুষজন বাইরের মানুষের তুলনায় অনেক ভাল। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই আসলে নির্দোষ বলেই দাবি করেন তিনি।

রিয়া জানান, সংশোধনাগারে কোনও শ্রেণিবিভাজন নেই। সকলেই সমান। প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচিতি নেই।

এর পর রিয়াকে প্রশ্ন করা হয়, সংশোধনাগারে তাঁর নিজের নম্বরটি এখনও মনে আছে কি না। প্রথমে হ্যাঁ বললেও পরমুহূর্তেই অভিনেত্রী বলেন, “না”।

সেখানে খাবার কেমন ছিল, সেই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি রিয়া। বরং মজা করে বলেন যে, তিনি একটি বই লিখছেন, সেটি পড়লেই সব জানা যাবে। বইটির নাম কী, জানতে চাওয়া হলে রিয়ার রসিক উত্তর, ‘চুড়েল কা বদলা’ যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’। সংশোধনাগারের খাবার নিয়েও মজা করতে ছাড়েননি অভিনেত্রী। রসিকতার সুরেই তিনি বলতে থাকেন যে, সেখানে নাকি সুশি মেলে, শ্যাম্পেনও পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় বড়া পাও এবং নানা রকমের চাট।

রিয়া কারাবাসে থাকলেও, পরে সমস্ত রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তবে তার পরেও অভিনয়ে ফেরেননি তিনি।

উল্লেখ্য, রিয়া চক্রবর্তীকে এ বার দেখা যাবে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এর দ্বিতীয় সিজ়নে। ২০২৬ সালের ১৩ অগস্ট প্রাইম ভিডিয়োয় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন কর্ণ জোহর।

দ্বিতীয় সিজ়নে রিয়ার সঙ্গে দেখা যাবে মল্লিকা শেরাওয়াত, শ্বেতা তিওয়ারি, মুনাব্বর ফরুকী, শালিনী পাসি, অভিষেক মালহান, ক্রিস্টল ডিসুজ়া-সহ আরও অনেককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ