মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর আবারও পর্দায় ফিরছেন হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। তবে এবার কোনো নতুন শুটিংয়ে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ডিজিটাল অবয়বে। বিষয়টি ঘিরে হলিউডে নতুন বিতর্ক শুরু হয়েছে।
‘অ্যাজ ডিপ অ্যাজ দ্য গ্রেভ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জীবিত অবস্থায় চুক্তিবদ্ধ হয়েছিলেন কিলমার। কিন্তু গলার ক্যানসারজনিত শারীরিক জটিলতার কারণে তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে তার মৃত্যুর পর নির্মাতারা চরিত্রটি বাদ না দিয়ে প্রযুক্তির সাহায্যে তাকে পর্দায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেক শিল্পী ও বিশ্লেষক। তাদের আশঙ্কা, আজ প্রয়াত অভিনেতাদের ডিজিটালভাবে ফিরিয়ে আনা হচ্ছে, ভবিষ্যতে হয়তো স্টুডিওগুলো জীবিত শিল্পীদের পরিবর্তেও কৃত্রিমভাবে তৈরি অভিনেতা ব্যবহার করতে পারে। অভিনয়শিল্পীদের অধিকার, সম্মতি এবং পারিশ্রমিক নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে।