রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা

দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মেঘলা মুক্তা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার এক অধ্যায় অতিক্রম করছেন ঢাকাই চলচ্চিত্রের উদীয়মান ও জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা। রাস্তা পার হতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আইসিইউ ও প্রায় ৯–১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে সবার অশেষ প্রার্থনা ও চিকিৎসকদের প্রচেষ্টায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে অবশেষে তিনি এখন বিপদমুক্ত। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে মেঘলা মুক্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়া, ভালোবাসা আর প্রার্থনায় আজ আমি অনেকটাই বিপদমুক্ত। দূর-দূরান্ত থেকে যারা কাজ ফেলে আমাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন, যারা আসতে পারেননি কিন্তু দূর থেকে আমার জন্য দোয়া করেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এমনও শুনেছি, আমার প্রায় ৯–১০ ঘণ্টার অপারেশন চলাকালীন অনেকেই ওটির বাইরে দাঁড়িয়ে ছিলেন, আমার জন্য প্রার্থনা করেছেন। এই ভালোবাসা কোনোদিনও শোধ করার মতো নয়।’

অভিনেত্রী মেঘলা মুক্তা

আয়নার মুখোমুখি হওয়ার কঠিন বাস্তবতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন সময়টা হয়তো এখনই নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রতিদিন নতুন করে দেখতে হচ্ছে, আর ভাবতে হচ্ছে, এই পরিবর্তনটাকে আমি কীভাবে গ্রহণ করব, কীভাবে এখান থেকে নিজেকে আবার আগের মতো করে গড়ে তুলব। বিশ্বাস করি, ইনশাআল্লাহ আমি পারব।’

অভিনেত্রী মেঘলা মুক্তা

দুর্ঘটনার পর ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়ে আইনি পদক্ষেপের কথা নিশ্চিত করে মেঘলা বলেন, ‘দুর্ঘটনাটি নিয়ে ইতোমধ্যে অনেক ধরনের কথা ছড়িয়েছে। কিন্তু আমার অ্যাডমিন প্যানেল থেকে যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, সেটিই সত্য। আমি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছি এবং এ বিষয়ে ইতোমধ্যেই বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমি এখন এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। ইনশাআল্লাহ, শারীরিকভাবে আরও সুস্থ হয়ে খুব শিগগিরই আপনাদের সামনে এসে পুরো বিষয়টি বিস্তারিতভাবে বলব কী ঘটেছিল, কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে কী করা হবে, সবকিছু।’

শেষে বলেন, ‘অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম। অনেকগুলো স্ক্রিপ্ট পড়েছিলাম, কিছু কাজ খুব শিগগিরই শুরু করার কথা ছিল। হয়তো এখন সেগুলোর কিছুটা পিছিয়ে যাবে, হয়তো কিছু কাজ আমি সময়মতো করতে পারব না। এই বিষয়গুলোও আমাকে কষ্ট দেয়। তবে জীবন আমাকে আরেকবার শিখিয়েছে সবকিছুর আগে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং আবার দাঁড়িয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে কিংবা দেশের বাইরে, যেখানে যত ভালো চিকিৎসা প্রয়োজন, আমি সেই চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি বিশ্বাস করি, সময়, চিকিৎসা, আমার নিজের মানসিক শক্তি আর আপনাদের দোয়া সব মিলিয়ে একদিন আবার আপনাদের সামনে দাঁড়াতে পারব।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন এই চিত্রনায়িকা। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় এবং সেখানে তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দুর্ঘটনার খবর প্রকাশের পর থেকেই তার সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছিল উদ্বেগের ছায়া। অবশেষে ভক্তদের দেওয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল অভিনেত্রী আশঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ