ইরানে চলমান সংঘাতের কারণে জাহাজের পণ্য পরিবহন খরচ আকাশচুম্বী হয়ে উঠছে, যার চূড়ান্ত প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি ‘মার্স্ক’-এর প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুটগুলো সচল করতে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে একটি ‘সমঝোতায়’ আসার আহ্বান জানান। ভিনসেন্ট ক্লার্কের মতে, এই যুদ্ধের ফলে বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে।
সংঘাত শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ ‘হরমুজ প্রণালি’ দিয়ে পরিবাহিত হতো। কিন্তু ইরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির মুখে এই পথটি এখন কার্যত বন্ধ।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ নৌবাহিনীর পাহারায় জাহাজ চলাচলের প্রস্তাব দিয়েছে। তবে মার্স্ক প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তার কর্মীদের জীবনের ঝুঁকি নিতে রাজি নন।