স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের সুফল হাতেনাতে পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। পাকিস্তানকে ২–১ ব্যবধানে হারানোর পর ৩ পয়েন্ট বেড়ে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। অন্যদিকে, এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের বর্তমান রেটিং পয়েন্ট ৭৭।
মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল লাল-সবুজরা। তবে অঘোষিত ফাইনালে পরিণত হওয়া তৃতীয় ওয়ানডেতে ১১ রানের নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি র্যাঙ্কিংয়েও এই উন্নতি নিশ্চিত করে তারা। সিরিজ হারলেও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে পাকিস্তান, তবে তাদের রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে এখন ১০২-এ দাঁড়িয়েছে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এই উন্নতি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াইয়ে এই পয়েন্টগুলো বড় ভূমিকা রাখবে। নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই দলগুলো নির্ধারণ করা হবে। নবম স্থানে উঠে আসায় সরাসরি বিশ্বকাপ খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল টাইগাররা।