ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সেখানে গোলাম আজমকে জুতাপেটার একটি ছবি টাঙিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, জিন্নাহর ছবি যে জায়গায় প্রদর্শন করা হয়েছিল, সেই স্থানে ১৯৮১ সালে বায়তুল মোকাররম এলাকায় গোলাম আজমকে জুতাপেটার একটি ছবি লাগানো হয়েছে।
জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে এরই মধ্যে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ছবিগুলো প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেগুলো সরানোর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার কথা জানিয়েছে।
একই সঙ্গে, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ডাকসু সংগ্রহশালায় গিয়ে প্রদর্শিত ছবিগুলো ছিঁড়ে ফেলেন।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সংগ্রহশালায় প্রদর্শিত ছবি নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রশাসনিক কাঠামোর বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।