নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদরের খলিশাকুড়ী গ্রামে সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসা ঘেরাও করে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশ অবস্থান নেয়। কিছুক্ষণ পরে পুলিশ জানতে পারে শাহিনুর রহমান শাহীন বাসার ভেতরে আছেন। এরপর শাহীনের সঙ্গে কথা বলতে পুলিশ ও গ্রাহকদের একটি প্রতিনিধিদল বাসার ভেতরে যান।
আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা
গ্রাহকদের অভিযোগ, এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীন ২০২৫ সাল থেকে আমানতকারীদের লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেন। কিছুদিন পর আমানতের সব টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর আমানত ফিরে পাওয়ার দাবিতে একাধিক গ্রাহক তার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে কিছুদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বলেছিলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের বকেয়া লভ্যাংশের অর্ধেক পরিশোধ করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পেরে তিনি আবার ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময় চান। সে পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অর্থ পরিশোধ না করায় গ্রাহকরা তাদের আমানতের সম্পূর্ণ টাকা ফেরতের দাবিতে কার্যালয় ও বাসা ঘেরাও করেছেন। এতে বাসার মধ্যে আটকা পড়েন শাহিনুর রহমান শাহীন।
মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত তাদের আমানতের টাকা ফেরত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।