গ্রামীণ শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলা ও বেহাল দশা দূর করতে ভারতজুড়ে এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ নামের এই কর্মসূচি শুরু হবে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
সোমবার এক বার্তায় অনলাইনভিত্তিক দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দেশের নাগরিক, অভিভাবক ও গ্রামের প্রধানদের (সরপঞ্চ) নিজ নিজ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও জানান, এখনও গ্রামের শিশুদের স্কুলে যেতে মাইলের পর মাইল হাঁটতে হয়। স্কুলে গিয়েও পানীয় জল বা শৌচাগারের সুবিধা পাওয়া যায় না, যার কারণে বিশেষ করে ছাত্রীরা মারাত্মক সমস্যায় পড়ে।
এই প্রচারণার অধীনে সিজেপি ভারতের প্রতিটি গ্রামের প্রধানদের প্রতি নিজ এলাকার স্কুলের উন্নয়ন করার আহ্বান জানিয়েছে। যেসব গ্রামপ্রধান বা সরপঞ্চ নিজ উদ্যোগেই স্কুলের পরিবেশের পরিবর্তন আনবেন, সিজেপি তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সম্মাননা জানাবে, যার নাম দেওয়া হয়েছে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’।
পৃথক এক বার্তায়, নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আমরণ অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে। অনশনরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের কঠোর সমালোচনা করে তিনি এটিকে ‘নির্মম ও অমানবিক’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য প্রাথমিক অবস্থায় অনলাইনে একটি ব্যাঙ্গাত্মক ও স্যাটায়ার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে রাজপথে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভারতে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিনব্যাপী টানা আন্দোলন চালায় তারা। পরবর্তীতে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে ২৫ জুলাই তারা সেই আন্দোলন স্থগিত করেছিল।