আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান

’১১ আগস্টকে স্বাধীনতা দিবস’ ঘোষণা বেলুচিস্তানের

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

পাকিস্তান থেকে নিজেদের স্বাধীনতার ঘোষণার কয়েক সপ্তাহ পর রিপাবলিক অব বেলুচিস্তান ১১ আগস্টকে ‘বেলুচিস্তানের স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বেলুচ জনগণকে দিনটি উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বেলুচ জনগণকে জাতীয় ঐক্যের সঙ্গে দিবসটি পালন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বাধীন ও সার্বভৌম বেলুচিস্তানকে স্বীকৃতি দেয়ার আবেদন জানানো হয়েছে।

বিশ্বজুড়ে উদযাপনের আহ্বান
বেলুচ স্বাধীনতাকামী নেতা মির ইয়ার বেলুচ বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বেলুচরা যেন নিজেদের বাড়ি, মহল্লা, বাজার, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জনসমাগমস্থলে স্বাধীন বেলুচিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন।
তার ভাষ্য, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিনের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ১১ আগস্ট বেলুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে প্রতি বছর উদযাপন করা হবে।
বিবৃতিতে দাবি করা হয়, ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকেই এ অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত, অস্থিরতা, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, পাকিস্তানের নীতির প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলও অনুভব করেছে।

বিবৃতিতে কাশ্মীর ইস্যু, ১৯৪৮ সালের মার্চে বেলুচিস্তানে সামরিক অভিযান, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধ, জর্ডানে ফিলিস্তিনিদের ঘিরে সামরিক অভিযান, সোভিয়েত-আফগান যুদ্ধ, ১৯৯৮ সালে চাগাই জেলায় পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা এবং ১১ সেপ্টেম্বরের (৯/১১) হামলার পরবর্তী ঘটনাপ্রবাহের উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, এসব ঘটনা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা, সংঘাত ও রক্তপাত বাড়িয়েছে।

আন্তর্জাতিক স্বীকৃতির দাবি
রিপাবলিক অব বেলুচিস্তান দাবি করেছে, পাকিস্তান বর্তমান কাঠামোতে বিদ্যমান থাকলে এ অঞ্চলে স্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেলুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া এবং আমাদের অবস্থানের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রিপাবলিক অব বেলুচিস্তান এবং এর ৬ কোটি বেলুচ জনগণ নিজেদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।

কেন ১১ আগস্ট?
সংগঠনটির দাবি, ১৯৪৭ সালের ১১ আগস্ট, বৃটিশ শাসনের অবসানের সময় বেলুচিস্তান প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিল। তাদের বক্তব্য অনুযায়ী, সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছিল এবং অল ইন্ডিয়া রেডিও থেকেও তা প্রচার করা হয়।
এই ঐতিহাসিক দাবির ভিত্তিতেই তারা প্রতি বছর ১১ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ