চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ সৈয়দ আসিফ ইস্পাহানি নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা জানতে পেরেছেন। একজন চিকিৎসকের এ ধরনের মাদক সেবন অত্যন্ত উদ্বেগের। তিনি বেসরকারি ক্লিনিক মালিকদের চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করার পরামর্শ দেন। পরে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।