ফুটবলের বিশ্বসেরা বেছে নিতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। ৪৮ দলের এই প্রতিযোগিতায় এখন কেবল চারটি দল টিকে আছে। যাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবলবিশ্ব। চলতি বিশ্বকাপের শীর্ষ ফেভারিটের তালিকায় থাকা স্পেন-ফ্রান্স অলিখিত ফাইনালে নামছে আজ (মঙ্গলবার) দিবাগত রাতে। এর আগে আগুনে ঘি ঢেলে বিতর্কের জন্ম দেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো র্যাহয়।
গতকাল (সোমবার) ১৯ বছরে পা দিয়েছেন ইয়ামাল। জন্মদিনে নিজেকে নিজে উপহার দেওয়া গলায় ঝলমলে হীরার হার, পরিবারের দুষ্টুমিভরা মুহূর্ত আর সামনে জীবনের সবচেয়ে বড় ম্যাচ– বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াই। গণমাধ্যমের সঙ্গে আগের দেখায় ‘ফ্রান্সের ভয় পাওয়া উচিত’ মন্তব্য করলেও, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিছুটা সংযত ইয়ামাল। যার বাবা মরক্কান ও মা ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত।
ইয়ামালের তারকাখ্যাতি নিয়ে কারও সন্দেহ নেই। তবে পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন তিনি। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন ইয়ামাল, ‘প্রতিটি টুর্নামেন্টই আলাদা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছি বলে আমি উদ্বিগ্ন নই। আমরা জিতছি। আমি এমন বিশ্বকাপও দেখেছি, যেখানে স্পেন বিদায় নিয়েছে। এবার এখন পর্যন্ত সেটা ঘটেনি। আশা করি আমরা আরও ম্যাচ খেলব, যাতে আমি আরও গোল করার সুযোগ পাই।’