রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফাইনালের আগে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। দুই দলই দুর্দান্ত ফর্মে থাকায় কে শিরোপা জিতবে, তা নিয়ে নিশ্চিত ভবিষ্যদ্বাণী করতে পারছেন না কেউ। তবে আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা মনে করেন, এই ম্যাচে স্পেনের জয়ের ভাগ্য নির্ভর করছে একজন ফুটবলারের ওপর — রদ্রি।

বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ওকেএক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ বলেন, ‘স্পেনের মাঝমাঠ যদি নিজেদের সেরা ছন্দে খেলতে পারে, তাহলে আর্জেন্টিনাকে হারানোর বড় সুযোগ থাকবে। রদ্রি যদি মাঝমাঠে নিজের সেরা খেলাটা খেলতে পারে এবং পেদ্রি ও লামিনে ইয়ামালের সঙ্গে ছন্দ খুঁজে পায়, তাহলে স্পেন পার্থক্য গড়ে দিতে পারবে।’

রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটিতে টানা সাত বছর কাজ করেছেন গার্দিওলা। তাই স্প্যানিশ মিডফিল্ডারের সামর্থ্য সম্পর্কে তার ধারণা সবচেয়ে ভালো বলেই মনে করা হয়।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল নিয়েও আশাবাদী গার্দিওলা। সাম্প্রতিক চোটের কারণে তিনি শতভাগ ফিট না থাকলেও, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস তার, ‘চোট থেকে ফেরায় লামিনে ইয়ামাল শারীরিকভাবে কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু তার বয়স কম, চাপ সামলানোর অসাধারণ ক্ষমতা রয়েছে। সে একাই একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।’

সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন স্প্যানিশ এই কোচ। দীর্ঘ এক দশক ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালনের পর আপাতত কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি, ‘বার্সেলোনায় আমি ৩৭ বছর বয়সে কোচিং শুরু করেছিলাম, এখন আমার বয়স ৫৬। জীবনে নতুন কিছু করতে চাই। এই মুহূর্তে আমি খুব ভালো আছি।’

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গার্দিওলার মতে, ফাইনালের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন স্পেনের মিডফিল্ড জেনারেল রদ্রি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ