যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬

বিয়ে মানুষের জীবনের অন্যতম স্মরণীয় দিন। তবে এ দিনের কিছু ঘটনা সেই স্মৃতিকে আরও বিশেষ করে তোলে। এবার সামনে এসেছে তেমনই একটি ব্যতিক্রমী ঘটনা। যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে হয়েছে। তাদের বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন দুই যমজ পুরোহিত। ভারতের কেরালা রাজ্যে এমন ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিটি পর্বে যমজরা অংশ নিয়েছেন। এতে পুরো আয়োজনটি আরও ব্যতিক্রমী হয়ে উঠেছে। অনুষ্ঠানের পুরোহিত ও বেদি-সহায়করাও ছিলেন যমজ।

অনুষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল, কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল এবং ফাদার আজো পেজুমকাটিল এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় বেদীতে তাদের সহায়তা করেন পালারের যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

এনডিটিভি জানিয়েছে, বিয়ের প্রতিটি আয়োজনে যমজদের অংশগ্রহণ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। যমজ বোনেরা নিজেরাই যমজ যাজকদের সন্ধান করেছিলেন এবং শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জায় তাদের খুঁজে পান।

পুরোহিতরাও অনুষ্ঠানটিকে চিরস্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, যমজদের বিয়ে পড়ানো খুবই বিশেষ একটি ঘটনা। এটি আমাদের আজীবন মনে থাকবে। এই আয়োজন আমাদের ভালোবাসা ও একাত্মতার কথা মনে করিয়ে দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই ভাই মার্চেন্ট নেভিতে কর্মরত। আর যমজ দুই বোন তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ