ভারতকে এখন নিজের দেশ মনে করেন, বাংলাদেশে হয়তো আর কখনো ফিরবেন না— এমন কথাই জানিয়েছেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তবে আজ শুক্রবার (৩১ জুলাই) দীর্ঘ ১৯ বছর পর আবারও কলকাতায় এসেছেন তসলিমা। কাল শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন তার বাংলাদেশে ফেরা প্রায় অসম্ভব। তাই এখন ভারতকেই নিজের দেশ মনে করেন।
২০০৭ সালে তসলিমার বিরুদ্ধে ভারতে আন্দোলন হয়। ওই সময় তৎকালীন বামপন্থি বুদ্ধদেব বসুর সরকার তাকে বিতাড়িত করতে বাধ্য হয়। এতদিন পর আবারও কলকাতায় ফিরতে পেরে তসলিমা বলেছেন, “আমি (বিজেপি) সরকারকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই। কলকাতার যে দরজা আমার জন্য বন্ধ হয়েছিল সেটি অবশেষে খুলেছে। আমি চাই এ দরজা খোলা থাকুক, যেন যখনই খুশি তখনই আমি এখানে এসে বাংলার মুক্ত ও খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারি।”
তসলিমা জানিয়েছেন, ২০০৭ সালে বুদ্ধদেব বসুর সরকার তাকে বিতাড়িত করার পর ২০১১ সালে মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের আমলে কলকাতায় ফেরার জন্য চেষ্টা করেছিলেন। তাকে এজন্য একটি ধর্মনিরপেক্ষ সংস্থা সহায়তাও করতে চেয়েছিল। কিন্তু মমতার সরকার তাকে আসার সুযোগ দেয়নি।