ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা, অভিনয় নিয়ে যে বার্তা দিলেন
প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময়
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শেয়ার করুন
ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রী তমা মির্জা। গত কয়েক বছরে একের পর এক সফল সিনেমা করেছেন। সাফল্য পেয়েছেন ওটিটিতেও। সেই ব্যস্ত অভিনেত্রী কিনা ঢুকে পড়লেন কর্পোরেট দুনিয়ায়। চাকরিতে যোগ দিলেন একটি বেসরকারি ব্যাংকে।
বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই খবরটি সামনে আনলেন। জানালেন, একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি। এ খবরে তার ভক্তদের মনে প্রশ্ন, অভিনয়ের কী হবে তাহলে? তমা কি অভিনয় ছেড়ে দিচ্ছেন বা দেবেন?না, তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই। তমা খোলাসা করলেন সে বিষয়ও। তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’
নতুন চাকরি প্রসঙ্গে তমার ভাষ্য, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’
ব্যাংকের কার্যালয়ে তমা মির্জা
এই বার্তার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তমা। সেটি ওই ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে ধারণ করা। পোস্টের নিচে তাকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ অনেক তারকাও তাকে বাহবা দিয়েছেন।
তমা জানান, এই চাকরির জন্য অভিনয় থেকে দূরে সরার প্রয়োজন পড়বে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাই দুই ভুবনের কাজই সমানতালে চালিয়ে নেবেন তমা।
তমা মির্জা
তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের সিনেমাটি হয়েছিল সুপারহিট। শোনা যাচ্ছে, এবার তিনি ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমা করবেন। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।