বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ববি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, ‘‘জুলাইয়ের কর্মসূচিতে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিয়েছেন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সেটি পণ্ড করার চেষ্টা করে হামলা চালিয়েছে।’’
ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ‘‘জুলাইয়ের কর্মসূচিতে শিবির বহিরাগতদের নিয়ে শোডাউন দিচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে শিবিরই প্রথম আমাদের ওপর হামলা চালায়। জুলাই আন্দোলনের পর এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না। এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।’’