আজ বন্ধু দিবস

বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বন্ধু দিবস ৩০ জুলাই। তবে বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার দিবসটি পালিত হয়। সে হিসেবে আজ বন্ধু দিবস। দিনটিতে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছেন অনেকেই।

বন্ধু তোকে মিস করছি ভীষণ

বন্ধুত্ব নিয়ে অনন্য গান এটি। ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছিল ‘দেবী’ অ্যালবামে। ‘একলা ঘর, ধুলো জমা গিটার/ পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সিপিয়র/ টি-শার্ট জিন্সগুলো দেয়ালে আছে/ শুধু মানুষটা তুই নেই, নেই তো কাছে/ ও বন্ধু তোকে, মিস করছি ভীষণ/ তোকে ছাড়া কিছুই আর জমে না এখন/’—এমন কথার গানটি রচনা করেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। বহু বছর ধরে বন্ধুদের আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে আছে গানটি।

বন্ধু

‘পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক/ তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি/ বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কী লাগে/’—এ গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন তপু। তার একক অ্যালবাম ‘সে কে’তে প্রকাশিত হয়েছিল গানটি। সেই থেকে এখনো বন্ধুদের প্রিয় গান হয়ে আছে এটি।

চল বন্ধু চল

বন্ধুত্ব নিয়ে সর্বশেষ জনপ্রিয় গান এটি। ২০২১ সালের ওয়েব ছবি ‘নেটওয়ার্কের বাইরে’র গান। ‘লাগলে বলিস, জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে/ চল বন্ধু চল…/’—এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর-সংগীতায়োজনে সাজিদ সরকার, আর গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন।

হঠাৎ রাস্তায়

বন্ধুত্ব বারবার নানাভাবে উঠে এসেছে কিংবদন্তি সংগীতকার কবীর সুমনের গানে। এর মধ্যে অনন্য এক গান ‘হঠাৎ রাস্তায়’। যেখানে তিনি এক বন্ধুর সঙ্গে অনেকদিন পর হঠাৎ দেখা হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। ‘হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে/ বন্ধু কী খবর বল? কত দিন দেখা হয়নি’। বরাবরের মতই গানটির কথা-সুরও তারই।

বন্ধু তোমায়

পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র অন্যতম জনপ্রিয় গান এটি। ‘ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল/ আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা/ বাজে বকা রাত্রিদিন, অ্যাস্টেরিক্স টিনটিন, এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়/ সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে/ হাওয়ায় হাওয়ায়/ বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়/’ পড়ন্ত বিকেলে এখনো যেন এই গান হয়ে ওঠে বাঙালির অন্যতম সঙ্গী।

তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার

কিংবদন্তি রকস্টার জেমসের গানেও একাধিকবার উঠে এসেছে বন্ধুত্বের কথা। বিশেষ করে এই গানে। ‘তোমাদের মাঝে কেউ আছে বন্ধু আমার/ তোমাদের মাঝে কেউ আছে পথ ভোলা/ তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেব দুঃখ সবার/ তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেব দুঃখ জ্বালা/’ কয়েক দশক ধরে এ গান লালন করছেন জেমস-ভক্তরা।

বন্ধু তোমার চোখের মাঝে

জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলামের গান এটি। নিজের কথা-সুরেই গেয়েছেন। নরম সুরে, বন্ধুর কাছে মন খারাপের বয়ান। ‘বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপালজুড়ে চিন্তালোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া/ বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো?’ ২০০৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সূর্যে বাধি বাসা’য় প্রকাশিত হয় গানটি। সেই থেকে ক্রমশ বন্ধুত্ব ও আর মন খারাপের সঙ্গী হয়ে ওঠে এই গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ