‘দেশু ৭’-এর টিজার: সিনেমার গল্পেও দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

টলিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের প্রযোজনায় এবং পরিচালনায় নির্মিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার। এক মিনিট ত্রিশ সেকেন্ডের এই প্রচার ঝলকজুড়েই রয়েছে ধুন্ধুমার অ্যাকশন; যেখানে উঠে এসেছে দীর্ঘ সাত বছরের ব্যবধান পেরিয়ে ভাগ্যের লেখনিতে দুজনের আবারও এক হওয়ার গল্পও।  

লাদাখের পাহাড়ি সৌন্দর্য কিংবা নদীর পাড়ে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন ভক্তদের মনে পুরোনো দিনের নস্টালজিয়া জাগিয়ে তুলেছে- তা বলাই বাহুল্য। শুভশ্রী যখন টিজারের শেষে আকুল হয়ে বলেন, “তুমি ফিরে যাও দেব”, আর তার জবাবে দেব দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, “এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব”—তখনই বোঝা যায়, বাস্তব জীবনের দূরত্ব ঘুচিয়ে রুপালি পর্দায় তাদের এই ফেরাটা ভক্তদের কাছে নিয়তির এক জাদুকরী সংযোগ।

রোম্যান্স ও নস্টালজিয়ার পাশাপাশি অ্যাকশন হিরো দেব এই টিজারে নিজেকে যেন অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। শিকল ভাঙা থেকে শুরু করে জোড়া বন্দুক হাতে গুলি চালানো কিংবা জ্বলন্ত বোতল থেকে অবলীলায় সিগারেট ধরানো—মারমুখী দেবকে দেখে মুগ্ধ দর্শকরা। তবে টিজারের অন্যতম বড় চমক হিসেবে হাজির হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। বড় চুল ও চোখে রোদচশমা পরে একেবারে রুদ্ররূপী ভিলেন অবতারে তার এন্ট্রি।

বলে রাখা ভালো, এই টিজার প্রকাশের পর দর্শকদের নজর কেড়েছে সিনেমার গল্পের সঙ্গে এই জুটির বাস্তব জীবনের প্রেম, বিচ্ছেদ ও দূরত্বের এক অদ্ভুত মিল।২০০৯ সালে রাজ চক্রবর্তী নির্মিত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীর অনস্ক্রিন জুটির শুরু এবং সেই সঙ্গে তাদের প্রেমের গোড়াপত্তন ঘটে। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-এর মতো টানা কয়েকটি হিট সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে এবং তারা আলাদা হয়ে যান।

বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং অন্যদিকে দেব মডেল ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন। বাস্তব জীবনের এই দীর্ঘ বিচ্ছেদ ও দূরত্বের পর, রুপালি পর্দায় তাদের নতুন কাজ ‘দেশু ৭’-এর গল্প যেন তাদের সেই বাস্তবের ছায়াই ধারণ করেছে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ