রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ দিতে হয়েছে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসা প্রধান শিক্ষিকা রনজিনা পারভীনকে। এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব ২। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব-২ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় ব্যাবহৃত মোটরসাইকেলটি ছিল মূলত একটি ওয়ার্কসপ মালিক রাকিবের। মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ ছিল এলাকার বড় ভাই। বিভিন্ন সময় পনি হুমকি দিয়ে তার (রাকিবের) মোটরসাইকেল নিয়ে যেত।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র্যাব-২-এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এক এসব জানান।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী এবং একাধিক অপরাধে অভিযুক্ত। সে দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে।
মোটরসাইকেলটির মালিক রাকিবের বিষয়ে জানতে চাইলে র্যাব কর্মকর্তা বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছেন, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর কাছে ছিল।
তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা মোটরসাইকেলচালকের সঙ্গে পনি গাজীর দৈহিক গঠনের মিল রয়েছে। এছাড়া স্থানীয় ১৫ জন সোর্স র্যাবকে নিশ্চিত করেছে মোটরসাইকেলচালক পনি ছাড়া অন্য কেউ নয়। এছাড়া রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত গ্রেপ্তার দুজনের মোবাইল ফোন ওই এলাকায় সক্রিয় ছিল বলেও জানান তিনি।
মোটরসাইকেলের মালিক রাকিবের সঙ্গে পনির সম্পর্ক কী জানতে চাইলে নয়মুল হাসান বলেন, রাকিব জানিয়েছে, পনি তার এলাকার বড় ভাই। রাকিবের একটি ওয়ার্কশপ রয়েছে। বিভিন্ন সময় পনি জোর করে তার মোটরসাইকেল নিয়ে যেত। গত ২৬ আগস্ট থেকে শনিবার বিকেল পর্যন্ত মোটরসাইকেলটি পনির কাছে ছিল। বাইকটি নিয়ে পনি কী করত, সে বিষয়ে রাকিবের কোনো ধারণা নেই। মোটরসাইকেল দিতে না চাইলে পনি তাকে হুমকি দিত বলেও রাকিব জানিয়েছেন।
রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে।