মাঠে নিজের অসাধারণ ক্যারিয়ার দিয়ে এরই মধ্যে ফুটবল ইতিহাসের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই যাত্রায় যোগ হচ্ছে ভিন্ন এক অধ্যায়। আল-নাসরের হয়ে খেলা পর্তুগিজ তারকা এবার পা রাখছেন টেলিভিশন ড্রামার জগতে।
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’ এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন তিনি। শুধু তা–ই নয়, ক্যামেরার সামনে বিশেষ উপস্থিতিও থাকবে তাঁর। এ প্রকল্পে তাঁর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও।
ম্যাথিউ ভন রোনালদোকে নিয়ে বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’
সিরিজটির আরেকটি বড় আকর্ষণ হতে যাচ্ছে অঁরির উপস্থিতি। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদো ও অঁরির লড়াই ছিল দর্শক–সমর্থকদের অন্যতম আলোচনার বিষয়। এবার বহু বছর পর দুজনকে একই প্রজেক্টে দেখা যাবে।
সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত। গল্পের মূল ধারণা ফুটবল এজেন্ট ড্যারেন ডিনের, যিনি থিয়েরি অঁরিরও এজেন্ট। এ ছাড়া সিরিজটিতে অভিনয় করবেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোত্তা বানাত।