একসঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬

উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি। আজ সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ​জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

​এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা। ব্র্যাক ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রয়াস বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।’

এ এস এম আমানুল্লাহ আরও বলেন, ‘যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা এমন এক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, এ পারস্পরিক সহযোগিতা আমাদের দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি সব সময়ই দেশে ও আন্তর্জাতিক পরিসরে অর্থবহ অংশীদারত্বে বিশ্বাস করে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়; সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর মাধ্যমে সমাজ ও জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সমঝোতা স্মারক আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ, উভয় প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষার সুযোগ ও এর প্রভাব আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্র করে আমরা জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যেতে চাই। সারা দেশে অর্থবহ পরিবর্তন সাধনে ভূমিকা রাখতে চাই।’

​সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয় একযোগে গবেষণা ছাড়াও শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে একসঙ্গে কাজ করবে।

​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টিল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো–অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

​অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের পরিচালক মো. গোলাম সামদানি ফকির, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এরুম মারিয়ামসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ