প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় তিনি এ বার্তা দেন। আমিনুল ইসলাম বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। তবে একটা কথা বলতে চাই যে, যেসব অপরাধীরা বিচারের সম্মুখীন তাদের জন্য সুস্পষ্ট বার্তা হলো যারা কোনো অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের বার্তা দিতে চাই যে, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।
চিফ প্রসিকিউটর বলেন, কারও প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচারকার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কারও প্রতি কোনো বিদ্বেষ থাকবে না।