ভারতের সঙ্গে বাণিজ্যিক জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে: বাণিজ্যমন্ত্রী

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২ মার্চ, ২০২৬

গত দেড় বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছিলো দাবি করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “তা কাটিয়ে ওঠার সময় এসেছে। বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে আগামী দিনে সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করতে যৌথভাবে উদ্যোগ নেওয়া হবে।” সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে ১১ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। তবে, গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা আমরা হাইকমিশনারের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আমরা আলোচনা করেছি, কীভাবে আগামী দিনে এ বাণিজ্যিক সম্পর্ককে আরও সহজ ও ভালো করা যায়।
এলডিসি উত্তরণের বিষয়ে আব্দুল মুক্তাদির বলেন, “সেটি পেছানোর বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছিলো তা বর্তমানে প্রক্রিয়াধীন। ভারত এ প্রক্রিয়ায় সহযোগিতামূলক অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে। এলডিসি উত্তরণ পেছানোর প্রক্রিয়া থেকে শুরু করে নিত্যপণ্যের জোগান নিশ্চিত করা, সবক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।”

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্যে তার প্রভাব পড়বে, যা আমাদের ওপরও আসতে পারে। তবে আশার কথা হলো, দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও জোগান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ