‘২০০১ সালে নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম বিক্রি করে, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে দিয়েছেন। আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। আমি ঢাকায় যে গাড়িটাতে ব্যবহার করি সেটা ২০ বছর আগের। এখন যে গাড়িটায় চড়ে এসেছি এটা আমার না, আমাদের এক সমর্থকের।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মানবকল্যাণ গ্রামে নির্বাচনি পথসভায় বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। সামনের নির্বাচনে সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের ঠাকুরগাঁওয়ের অনেক উন্নয়ন করতে হবে। আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করতে চাই। আমাদের মা-বোনদের, যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কাজে লাগাতে হবে।