অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট (তৈরি পোশাক) কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সহকর্মীকে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সকালে কারখানার মূল ফটকে কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এবং রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বেআইনিভাবে কাজ বন্ধ করে শ্রমিকরা কারখানায় উচ্ছৃঙ্খল আচরণ করেন। কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে সোমবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ ১৩ (১) ধারা অনুযায়ী ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী সময়ে খোলার অনূকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ সবাইকে জানানো হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়।

তবে কর্তৃপক্ষের এমন অভিযোগের প্রতিবাদ করেন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক। তারা জানান, সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারার কারণে ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক সুইং অপারেটর বলেন, ‘গত শনিবার দুপুরে সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারেন ইনচার্জ। পরে ওই ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। তার বিচার না করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সোমবার থেকে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি অনুযায়ী একজন স্টাফকে অব্যাহতি দিতে হবে। এ নিয়ে দুই দিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ