ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেড’-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়টির উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আহমদুল হক মুকুল উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন এবং ক্লাবটিকে একটি পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি ক্লাব প্রতিষ্ঠা সময়ের দাবি। তিনি ক্লাব প্রতিষ্ঠায় এগিয়ে আসা ব্যক্তিদের ধন্যবাদ জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করে ক্লাবটিকে একটি ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত করতে সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেডকে একটি সুসংগঠিত ও ঐতিহ্যবাহী ক্লাবে পরিণত করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি এ কে আজাদসহ ক্লাবের সব সদস্যকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্য মো. রেজাউল করিম, শেখ সালাউদ্দিন আহমেদ ও ড. তাপস চন্দ্র পালসহ অন্যান্য জীবনসদস্য উপস্থিত ছিলেন।

কার্যালয় উদ্বোধনের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে ক্লাবটির নতুন কার্যালয়ের উদ্বোধনী আয়োজনের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ