জিপিটি-৬-এ যেসব নতুন ফিচার যুক্ত করলো ওপেনএআই

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গত ৭ অক্টোবর চ্যাটজিপিটির সর্বশেষ জিপিটি-৬ মডেল ফ্রি এবং পেইড উভয় প্ল্যানের ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করে ওপেনএআই। নতুন ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন কাজের উপযোগী টুল তৈরি করতে পারবে চ্যাটজিপিটি। এ ছাড়া দ্রুত উত্তর দেওয়া, ওয়েব সার্চের কার্যকারিতা বাড়ানো এবং নিজের সক্ষমতার সীমাবদ্ধতা আরও ভালোভাবে বুঝতে পারার মতো সুবিধাও যুক্ত হয়েছে মডেলটিতে।

জিপিটি-৬-এর অন্যতম আকর্ষণীয় সংযোজন নতুন ইন্টারফেস ‘ইন্টেলিজেন্ট ইউআই’। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের ধরন ও প্রয়োজন বুঝে শুধু লিখিত উত্তর নয়, বরং বিভিন্ন দৃশ্যমান ও ইন্টারঅ্যাকটিভ গ্রাফিকও তৈরি করতে পারবে চ্যাটজিপিটি। যেমন, দুটি পণ্যের তুলনা করতে বললে পাশাপাশি তুলনামূলক উপস্থাপনা, জটিল কোনো বিষয় সহজে বোঝাতে ডায়াগ্রাম কিংবা হিসাব-নিকাশের জন্য ক্যালকুলেটর তৈরি করতে পারবে এটি। এমনকি চ্যাটের মধ্যেই বিল ভাগ করার টুল ব্যবহার করা কিংবা ছোটখাটো গেম খেলার সুযোগও রয়েছে।
তবে প্রতিটি প্রশ্নের উত্তরে চার্ট বা ইন্টারঅ্যাকটিভ এলিমেন্ট যুক্ত থাকছে না। প্রশ্নের ধরন ও ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করে কোন ক্ষেত্রে কীভাবে উত্তর উপস্থাপন করা সবচেয়ে কার্যকর, তা নিজেই নির্ধারণ করবে মডেলটি।

নতুন মডেলটি রেসপন্স জেনারেশনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রাথমিক উত্তর দেওয়া শুরু করতে পারে। ফলে ব্যবহারকারীরা অপেক্ষা করার সময়ই প্রয়োজনীয় প্রাথমিক তথ্য পেতে পারেন। পাশাপাশি ওয়েব সার্চের কার্যকারিতা উন্নত করা হয়েছে, যাতে অনলাইনে তথ্য খোঁজা ও তা ব্যবহার করে উত্তর দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়। নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষেত্রেও উন্নতি আনা হয়েছে জিপিটি-৬-এ। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় টুল না থাকলে সেটি আরও স্পষ্টভাবে জানিয়ে দিতে পারে মডেলটি।
চ্যাটজিপিটির বিনা মূল্যের ব্যবহারকারীরাও এখন নতুন জিপিটি-৬ মডেল ও ‘ইন্টেলিজেন্ট ইউআই’ ফিচার ব্যবহার করতে পারছেন। ৮ অক্টোবর থেকে ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো চালু করেছে ওপেনএআই। ফলে পেইড প্ল্যানের পাশাপাশি বিনা মূল্যের ব্যবহারকারীরাও চ্যাটের মধ্যেই ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন কাজের উপযোগী টুল ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে পর্যায়ক্রমে ফিচারগুলো চালু হওয়ায় সব অ্যাকাউন্টে এখনই সুবিধাগুলো দেখা নাও যেতে পারে।

প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ প্ল্যানে জিপিটি-৬ সল এবং ফ্রি ও গো প্ল্যানে জিপিটি-৬ লুনা ব্যবহার করা হচ্ছে। এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের ক্ষেত্রে ফিচারটির প্রাপ্যতা প্রতিষ্ঠানের প্রশাসকের সেটিংসের ওপর নির্ভরশীল। নতুন সুবিধাগুলো চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে পাওয়া যাচ্ছে। ‘ওয়ার্ক’ ও ‘কোডেক্স’ অংশের মডেলগুলোতে এই আপডেটে পরিবর্তন আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ