রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীটি।
তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এর মধ্যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাচাই-বাছাই শেষে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে তিনি বলেন, তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ওখান থেকে তাদের সেভ করেছি নিরাপদে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা হেফাজতে নিতে পেরেছিলাম। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
একটি পক্ষ ওই জাসদ কার্যালয় দখলের চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কার্যালয়ের দখলের কোনো সুযোগ নেই। কার্যালয়টি এখন আমাদের হেফাজতে রয়েছে।
এর আগে শনিবার দুপুরের পর জাসদের প্রধান কার্যালয়ে যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের গোপন মিটিং চলছে বলে ঘেরাও করে রেখে পুলিশকে খবর দেয়। পরে অভিযান চালায় পল্টন থানা পুলিশ। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে আটক করে থানায় নেওয়া হয়। একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতর থেকে লোকজনকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।