পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি তবল মাছ। মাছটি মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।
জেলেদের সূত্রে জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারটি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে আসে। সেখানে আখি ফিশ ও তহুরা ফিশ নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি নিলামে তোলা হয়। ব্যবসায়ী রুবেল ঘরামী প্রায় ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
স্থানীয় জেলেদের ভাষ্য, তবল মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে এত বড় আকৃতির তবল মাছ খুব একটা ধরা পড়ে না। ৫৪ কেজি ওজনের মাছটি বন্দরে আনার পর তাই এটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। বড় আকৃতির তবল মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ দিক। এ ধরনের মাছের উপস্থিতি সাগরের জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা পেতে গবেষণায়ও সহায়ক হতে পারে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ মাছ আকারে বেশ বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।