চোরতন্ত্র ব্যাকফুটে রয়েছে, পতন হয়নি : ড. ইফতেখারুজ্জামান

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চোরতন্ত্র ব্যাকফুটে রয়ে গেছে, এটির পতন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সিপিআই ২০২৫-এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থানকালে তিনি এসব কথা বলেন। এসময় টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা পর্ষদের পরিচালক ড. সুমাইয়া খায়ের, বহির্বিভাগ এবং যোগাযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও গবেষণা পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুটি দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি প্রতিহত করা। দুটি ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা তাদের নিজেদের পছন্দে জোর দিয়েছেন, অন্য কারো মতামতে মূল্যায়ন করেনি।

বাংলাদেশের মতো রাষ্ট্রে দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব কীনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আগামী নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছে, তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলেই দুর্নীতি প্রতিহত করা সম্ভব। স্বার্থের দ্বন্দ্বে- রাষ্ট্রের স্বার্থ ও নিজের স্বার্থ আলাদা করতে না পারলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। নিজের স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থে গুরুত্ব দিতে হবে। ক্ষমতায় আসুক বা না আসুক, প্রত্যেক রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি দমনে প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের যেসব দেশগুলো সিপিআই স্কোরে ১০০ পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে, সেসব দেশগুলোতে দুর্নীতি করলে শাস্তি নিশ্চিত করার বিধান রয়েছে। আমাদের দেশেও এটি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক আশ্রয়ে দুর্নীতিগ্রস্তরা যেন দায়মুক্তি না পায়, সেজন্য পদক্ষেপ নিতে হবে। দুদকের পাশাপাশি সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি দমনে কাজ করতে হবে। রাষ্ট্রীয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।

সংস্থার এই নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা বাড়াতে হবে। যে দেশগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা যত বেশি, সেই দেশগুলোতে তত দ্রুত দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে।

টিআইবি এমন সময় ২০২৫ সালের সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একদিন পরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

২০২৫ সালের সিপিআই সূচক অনুযায়ী, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। অর্থাৎ বছরের ব্যবধানে দুর্নীতিতে একধান অবনতি হয়েছে বাংলাদেশের। আলোচিত বছরে সিপিআই স্কোর ২৩ পয়েন্ট থেকে বেড়ে ২৪ পয়েন্টে উন্নিত হয়েছ। তবে টিআইবি বলছে, এটি কেবলই জুলাই আন্দোলনের ফল। বাস্তবে আরো দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশ।

সিপিআই সূচকে এবছর কোন দেশই শতভাগ স্কোর পায়নি। ১০০ স্কোরের মধ্যে সবচেয়ে বেশি স্কোর পেয়েছে ডেনমার্ক, যা ৮৯ পয়েন্ট। কম দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড এবং ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

অন্যদিকে, ১০০ স্কোরের মধ্যে মাত্র ৯ পয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যৌভভাবে দুই দেশ- সুদান ও সোমালিয়া। বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং তৃতীয় হয়েছে যৌথভাবে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ