দীর্ঘদিন পর নতুন রোম্যান্টিক গান নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’ শিরোনামের গানটিতে তার কণ্ঠের সঙ্গে পর্দায় প্রাণবন্ত নাচ ও উপস্থিতি দিয়ে নজর কাড়ছেন মডেল ও অভিনয়শিল্পী অলংকার চৌধুরী।
অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভালোবাসা ও উৎসবের আবহে নির্মিত ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে।
প্রকাশের প্রথম দিনেই গানটি ৮১ হাজারের বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক-শ্রোতারা।