‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ১৮ মে, ২০২৬

যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া থেমে থাকার জন্য ইরানকে দায়ী করে ফের সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে।”

পোস্টে ট্রাম্প বলেন, “তাদের (ইরান) দ্রুত নড়াচড়া করতে হবে, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুব গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে।”

এদিকে রোববার যেদিন ট্রুথ সোশ্যালে ইরানকে এই সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প, সেই একই দিন ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে— সংঘাত নিরসনে ইরান সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছিল, তার সুনির্দিষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আরও বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে ‘আপোসের অভাবই’ ‘আলোচনায় অচলাবস্থা’র জন্য দায়ী।

কিছুদিন আগে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালিতে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল, এবং ইরানের ইউরেনিয়াম ইস্যুকে ভিত্তি করে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান, তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল ‘দায়িত্বশীল’ এবং ‘উদার’।

এছাড়াও, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের ওপর জোর দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার জানিয়েছে যে, তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন পাঁচটি শর্ত দিয়েছে।

জানা গেছে, এসব শর্তের মধ্যে একটি দাবি ছিল যে, ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখবে এবং তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।

শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব মেনে নেবেন – যা দুই দেশের মধ্যে একটি বড় মতবিরোধের বিষয় – এবং এটি পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধের দাবি থেকে সরে আসার একটি ইঙ্গিত বলে মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ