বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। এ সময় একজন সাংবাদিক আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদার রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন।”
তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা ২০২৪ সালে ৫ আগস্ট যে ছাত্র-জনতার বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করবো।”