ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। একইসঙ্গে নির্বাচন প্রতিযোগীতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে। তবে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় বলে হতাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস।
ইভার্স ইজাবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। নির্বাচন প্রতিযোগীতামূলক হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পেরেছে।
ইভার্স ইজাবস বলেন, বিক্ষিপ্ত স্থানীয় রাজনৈতিক সহিংসতা, যাইহোক না কেন, প্রায়শই ম্যানিপুলেটেড অনলাইন আখ্যান দ্বারা সৃষ্ট হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ করে।
তিনি বলেন, আমরা দেখেছি, নির্বাচন কমিশন, নির্বাচনের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের জন্য একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করেছি, অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডাররা কমিশনকে যে সমর্থন দিয়েছিলেন কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে, সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের দ্রুত জবাব দিয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য ভাগ করে নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে হতাশা ব্যক্ত করে ইভার্স ইজাবস বলেন, এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা যেমন ছিল নগণ্য, তেমনি ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যাও মোটেও আশাব্যঞ্জক নয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটাই ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।