টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নানামুখী নাটকীয়তা চলছে। বাংলাদেশ বাদ পড়লে পাকিস্তানও বয়কট করতে পারে ঘোষণা দিয়েছিল। যদিও এটি ভারতের সঙ্গে রাজনৈতিক বিরোধের ফায়দা তুলতে কোনো কৌশল কি না তা সেই প্রশ্ন রয়েছে। এদিকে, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। চলমান এই প্রতিযোগিতার সুপার সিক্সে মুখোমুখি ম্যাচ পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।
সেরা ৬ দলের লড়াইয়ে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে নিজেদের অবস্থানের চেয়ে ভিন্ন অবস্থানে থাকা দলের বিপক্ষে লড়বে সুপার সিক্সে। উদাহরণস্বরূপ, গ্রুপ ‘এ’র শীর্ষ দল খেলবে গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ও তৃতীয় দলের বিপক্ষে, তবে ‘ডি’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে এই পর্বে তাদের দেখা হবে না। গ্রুপ ‘এ’ এবং ‘ডি’ সুপার সিক্সের একটি গ্রুপে এবং গ্রুপ ‘বি’ ও ‘সি’ রয়েছে সুপার সিক্সের আরেকটি গ্রুপে।
ভারত ‘বি’ গ্রুপের গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছিল, আর পাকিস্তান ‘সি’ গ্রুপের দুইয়ে থেকে সুপার সিক্সে পা রাখে। ওই গ্রুপে ইংল্যান্ড ছিল শীর্ষে। সুপার সিক্সে ভারতের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২৭ জানুয়ারি বুলাওয়েতে এই দুই দল লড়বে। একইদিন পাকিস্তান হারারেতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৬ জানুয়ারি ইংল্যান্ড এবং ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। গ্রুপপর্বে কোনো জয় না পাওয়ার ব্যাকফুটে আছে আজিজুল হাকিম তামিমের দল। এক ম্যাচ হারের পর পরবর্তী খেলা বৃষ্টিতে পরিত্যাক্ত হয়।