বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য হাইকমিশনের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানানো হয়। বৈঠকের বিষয়ে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, “আজ সকাল সাড়ে ৯টায় শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে বৈঠক করেন সারাহ কুক।”
বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিকসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন সারাহ কুক।
আলোচনায় দুই পক্ষ আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান, রাজনীতি বিভাগের প্রধান টিমোথি ডাকেট, দ্বিতীয় সচিব (রাজনীতি) কেট ওয়ার্ড, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।