কেনিয়ার মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও পাঁচ মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। বুধবারের (১৯ আগস্ট) এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা কেউই বেঁচে নেই বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন কর্মকর্তারা।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, বুধবার সকালে রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি লইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে উড্ডয়ন করেছিল।
ইকুয়েডরের পরিবহনমন্ত্রী রবার্তো লুক জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রীও রয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে লুক লেখেন, আজ মিশেল ও স্টেফানি আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাদের পরিবার, বিশেষ করে সন্তান ও বাবা-মায়ের কথা ভাবছি। ৪২ বছর বয়সী সেনসি-কন্টুগি একজন সাবেক ব্যবসায়ী ছিলেন, যিনি ২০২৪ সালে ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা সেন্টারের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি ইকুয়েডরের ডানপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মাদক কারবারি চক্রের বিরুদ্ধে ওয়াশিংটনের লড়াইয়ে নোবোয়া তার দেশকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার হিসেবে গড়ে তুলেছেন।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কেসিএএ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য এর আগে মার্চে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক সংসদ সদস্যসহ ছয়জন নিহত হন।