মাদরাসায় যৌন নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

শফিকুল আলম সেলিম
প্রকাশের সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মাদরাসায় যৌন নির্যাতন ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এসব অপরাধের পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদরাসার মতো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের যৌন নির্যাতন বা অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, কোনো মহল যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে।

তিনি বলেন, সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সামাজিক সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধিসহ নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা ধর্মমন্ত্রীর কাছে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ