রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটো চালকরা। কয়েকটি দাবিতে আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটো চালক সড়কে অবস্থান নিয়েছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
অবরোধে অংশ নেওয়া অটো চালক মিল্লাদ মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
আরেক অটো চালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটো চালকদের হয়রানি করে এবং অটো রিকশা ডাম্পিং করে। অটো রিকশা আটক করলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।
এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল কমে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।