উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার ও সুরবাহার-বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকী আজ

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার ও সুরবাহার-বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকী। তিনি ১৮৮৪ সালের ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সবদর হোসেন খাঁ ছিলেন একজন সংগীতজ্ঞ। তার বড় দুই ভাই ফকির আফতাবউদ্দিন খাঁ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁও ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব। আয়েত আলী খাঁ মাইহার ও রামপুর রাজ্যের রাজসংগীতজ্ঞ হিসাবে নিয়োজিত ছিলেন। যন্ত্র ও উচ্চাঙ্গসংগীতে অবদানের জন্য তিনি ১৯৬১ সালে পাকিস্তান সরকারের ‘তমঘা-ই-ইমতিয়াজ’ খেতাব, ১৯৭৬ সালে মরণোত্তর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

আয়েত আলী খাঁ ১০ বছর বয়সে বড় ভাই ফকির আফতাবউদ্দিন খাঁর কাছে সংগীতের তালিম গ্রহণ শুরু করেন। সাত বছর তার কাছে সরগম ও রাগ-রাগিণীর তালিম গ্রহণের পর তিনি মাইহারে তার আরেক বড় ভাই আলাউদ্দিন খাঁর কাছে চলে যান। সেখানে তিনি সেতার ও সুরবাহারের তালিম নেন। পরে আলাউদ্দিন খাঁ তাকে রামপুরে তার গুরু ওয়াজির খাঁর কাছে পাঠান। আয়েত আলী খাঁ সেখানে ১৩ বছর সংগীত সাধনা করেন।

১৯৩৫ সালের মে মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে তিনি শান্তিনিকেতনে যান। সেখানে তিনি বিশ্বভারতীর যন্ত্রসংগীত বিভাগের প্রধানের পদে যোগ দেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশে ফিরে আসেন এবং বাকি জীবন সংগীতে মগ্ন থাকেন।

ওস্তাদ আয়েত আলী খাঁ ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ