শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার কার্যক্রম সচল রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, মাঠপর্যায়ে পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও স্পর্শকাতর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে তাদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার সরাসরি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিক মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমন্বিত কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।