দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম (অব.)।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল, এমবিএ এবং ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ-এ ডিগ্রী অর্জন করেন তিনি।
বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন, বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ পর্ষদ ও সকল উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।