নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যের কাসুয়ার দাজি গ্রাম ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে শিশুসহ অন্তত ৫২ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
শনিবার গভীর রাতে মোটরসাইকেলে করে হামলাকারীরা প্রথমে গ্রামের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং একটি সামরিক টহলযানে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে অপহরণ করে। শুরুতে শতাধিক মানুষকে অপহরণ করা হলেও পরে কিছুজনকে ছেড়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ৫২ জনকে আটকে রাখা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় কোনো সেনাসদস্য অপহৃত হননি। তবে সেনাবাহিনীর মুখপাত্র ওলানিই ওসোবা জানান, সেনারা হামলা প্রতিহত করলেও এতে একজন সেনা ও একজন পুলিশ সদস্য নিহত হন এবং অজ্ঞাতসংখ্যক বাসিন্দাকে অপহরণ করা হয়।
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো মুক্তিপণের জন্য অপহরণ, গ্রাম আক্রমণ, গবাদিপশু লুট এবং অবৈধ খনন কার্যক্রমে জড়িত। জামফারা এ ধরনের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর একটি।