তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, মূলত সেটিই আলোচনায় আসবে। তবে পরিবহন মালিক সমিতি কিলোমিটার প্রতি ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেবে বৈঠকে।  

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এসব তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রবিবার মধ্যরাত থেকে থেকে কার্যকর হয়েছে।

এর মধ্যে বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ এক লিটার ডিজেলে খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে।  বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্য শ্রেণির বাসের ক্ষেত্রে পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া কত বাড়বে, তা বৈঠকের আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাবের পর নির্ধারণ হবে। এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে বাসের ভাড়া সমন্বয়ের সর্বশেষ নজির চলতি বছরের এপ্রিলের। তখন সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করেছিল। একই সময়ে অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। এরপর বিআরটিএর ভাড়া নির্ধারণ-সংক্রান্ত কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে বাসের ভাড়া বাড়ানোর সুপারিশ করে।

এরপর ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়। অর্থাৎ দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা করে ভাড়া বেড়েছিল।

বিআরটিএ’র আজকের বৈঠকেই তাই মূলত নির্ধারিত হবে নতুন জ্বালানি মূল্যের পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে কতটা বাড়বে। বৈঠকের সুপারিশের পরই চূড়ান্ত ভাড়া নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে ভাড়া কেমন বৃদ্ধি করা যাবে এমন প্রস্তাবনা আগে থেকেই আছে। সেইসঙ্গে আমাদের কিছু চাওয়া পাওয়া আজকের বৈঠকে আমরা তুলে ধরবো। দেখা যাক সরকার কী সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ